
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের শেরপুর এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গোডাউনে অবৈধভাবে মজুদ রাখা ৬৪ বস্তা পটাশ সার জব্দ করে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ী আব্দুল লতিফকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বালারহাট ইউনিয়নের শেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকরা ৬৪ বস্তা পটাশ সার উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ধারা ১২ অনুযায়ী ব্যবসায়ী আব্দুল লতিফকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে উদ্ধারকৃত সারগুলো স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি মূল্যে বিক্রয় করা হয়।
সারের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুদ ও পাচার বন্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ লোকমান হেকিম সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার