
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে জমি-জমা সংক্রান্ত শত্রুতার জেরে মিজানুর রহমান (৪৬) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং পেশায় তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় নিহতের মা আজুবা বেগম গত বুধবার বিকেলে মিঠাপুকুর থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী আব্দুল কাফি মুন্সির সঙ্গে মিজানুর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। মঙ্গলবার দুপুরে নিজের দোকানের সামনে বসে থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেল দিয়ে মিজানুরকে ধাক্কা দেন। এতে তিনি আহত হন। এ ঘটনার প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে মিজানুরকে হত্যার হুমকি দিয়ে তারা চলে যায়।
পরে এ ঘটনায় মিজানুর তার মাকে সঙ্গে নিয়ে থানায় সাধারণ ডায়েরি করতে যান। রাতে বাড়ি ফেরার পথে দোকানের কাছাকাছি পৌঁছালে একদল লোক তাদের বহনকারী রিকশা-ভ্যানের গতিরোধ করে।
অভিযোগ রয়েছে, নুরনবী, নুর মোহাম্মদ, মাসুদ, মোস্তাফিজার, কালাম, মাহফুজারসহ ১০-১২ জন ব্যক্তি বঁটি, রামদা, ছুরি ও লাঠি নিয়ে মিজানুরের ওপর হামলা চালান এবং তাকে ভ্যান থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। এ সময় ছেলেকে বাঁচাতে মা আজুবা বেগম হামলাকারীদের কাছে হাতজোড় করে মিনতি করতে থাকেন। কিন্তু তাকে সরিয়ে দিয়ে মিজানুরকে আবারও কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বোন রেখা বেগম বলেন, বিনা দোষে ভাইকে সন্ত্রাসীরা মারি ফালাইলো। তাদের ফাঁসি চাই।
প্রতিবেশী দেলোয়ার হোসেন ও আব্দুল করিম বলেন, মিজানুরকে ভ্যান থেকে নামিয়ে প্রথমে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত ১০ জন এবং অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এম২৪নিউজ/আখতার