
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে ক্ষতিকর রাসায়নিক ও চিনি দিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিক মোরছালিন রহমান ছোটনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানের পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল গুড় ও ক্ষতিকর উৎপাদন সামগ্রী বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট পশ্চিম গেনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিক জামান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে শুকুরেরহাট এলাকার ওই কারখানায় আখের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ অবৈধ উপায়ে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিক মোরছালিন রহমান ছোটনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কারখানায় থাকা বিপুল পরিমাণ পচা মিষ্টির শিরা, টেক্সটাইল ডাই (কাপড়ের রং), সিদুর, চুনসহ অন্যান্য ক্যানসার সৃষ্টিকারী মারাত্মক সব কেমিক্যাল ও প্রক্রিয়াজাত ভেজাল গুড় ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল বিরোধী এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি
অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রংপুর-এর প্রতিনিধি এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার