মিঠাপুকুরে ভেজাল গুড় তৈরির কারখানা ও গুড় পরিবহনে ব্যবহৃত পিকআপের মালিককে অর্থদণ্ড

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুরে ক্ষতিকর রাসায়নিক উপাদান ও চিনি দিয়ে ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিক মোকলেছার রহমানকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং ভেজাল গুর পরিবহনে ব্যবহৃত পিকআপের মালিক মোরছালিন রহমানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানের পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল গুড় ও ক্ষতিকর উৎপাদন সামগ্রী বিনষ্ট করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট গেনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিক জামান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে শুকুরেরহাট গেনারপাড়া এলাকার ওই কারখানায় আখের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ অবৈধ উপায়ে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিক মোকলেছার রহমানকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং ভেজাল গুড় পরিবহনে ব্যবহৃত পিকআপের মালিক মোরছালিন রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত লোকজনের সামনে কারখানায় থাকা বিপুল পরিমাণ পচা মিষ্টির শিরা, টেক্সটাইল ডাই (কাপড়ের রং), সিদুর, চুনসহ অন্যান্য ক্যানসার সৃষ্টিকারী কেমিক্যাল ও প্রক্রিয়াজাত ভেজাল গুড় ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply