অনলাইন ডেস্ক:
লালমনিরহাটের হাতীবান্ধায় ভুয়া মেজর পরিচয় দিয়ে জমি দখলের নামে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। মঙ্গলবার বিকালে ওই উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ওই দুই ভুয়া মেজর হলেন, রংপুরের হাজিরহাট এলাকার আলতাব হোসেনের ছেলে সাজু আহমেদ ও তারাগঞ্জ এলাকার জয়নুল আবেদীনের ছেলে মাসুম।
পুলিশ জানায় , ওই এলাকার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বে-দখলে থাকা জমি উদ্ধারের জন্য তার প্রতিবেশী শহীদার নামে এক ব্যক্তির শরণাপন্ন হন। ওই শহীদার সেনাবাহিনীর মাধ্যমে তার জমি উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরে শহীদারের মাধ্যমে সাজু আহমেদ ও মাসুম নামে দুই ভুয়া মেজরের পরিচয় হয়। ৫০ হাজার টাকার বিনিময় রফিকুল ইসলামের জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেয় ভুয়া মেজর সাজু আহমেদ ও মাসুম। কথামত ৭ দিন আগে রফিকুল এর কাছে ২০ হাজার টাকা নেয় সাজু আহমেদ ও মাসুম। আজ মঙ্গলবার বাকি ৩০ হাজার টাকা নিতে রফিকুল এর বাড়ি আসেন ওই দুই ভুয়া মেজর। পরে সাবেক এক সেনা কর্মকর্তার সহযোগিতায় দুই ভয়া মেজরকে আটক করে স্থানীয় লোকজন পুলিশে দেয়।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান সেনাবাহিনীর দুই ভুয়া মেজরের নামে মামলার প্রস্তুতি চলছে।
এম২৪নিউজ/আখতার