‘স্ত্রীর মর্যাদা না দিলে মরণ ছাড়া উপায় নেই’

অনলাইন ডেস্ক:

নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। রোববার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃগড়িলা গ্রামে অনশনে বসেন তিনি।

অভিযুক্ত প্রেমিকের নাম ইকবাল হোসেন। তিনি বৃগড়িলা গ্রামের আলী মণ্ডলের ছেলে ও নাটোর এনএস কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ভুক্তভোগী তরুণী নাজিরপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

জানা গেছে, ইকবাল একজন মাদকাসক্ত। ছেলেকে সুস্থ রাখার জন্য ওই মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ইকবালের মা-বাবা। মেয়েটির সরলতার সুযোগে একাধিকবার মেলামেশা করেন ইকবাল। বিষয়টি জানাজানি হলে এলাকার প্রধান আব্দুল গণি, মজিদ মণ্ডল, মিজান ও জিয়া প্রামাণিকসহ স্থানীয়রা বিয়ে দিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।

এদিকে, মাদক নিরাময় কেন্দ্র থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান ইকবাল। মেয়েটিকে বাড়িতে ঢুকতে না দিয়ে ইকবালের পরিবারের লোকজনও তার সঙ্গে দুর্ব্যবহার করেন। বাধ্য হয়ে বাড়ির গেটেরে সামনেই স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন করছেন ওই তরুণী।

ভুক্তভোগী তরুণী বলেন, স্ত্রীর মর্যাদা না দিলে মরণ ছাড়া আমার উপায় নেই। ইকবালকে বাড়িতে না পাওয়ায় বক্তব্য নেয়া যায়নি। তবে তার বাবা-মা এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। 

এ ব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply