দল, আত্মীয়, পরিবার কাউকেই ছাড় দেওয়া হবে না :প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইটে টিভি চ্যানেলের সম্প্রচার উদ্বোধন

মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা অভিযান শুরু করেছি, এই অভিযান অব্যাহত থাকবে। সে যেই হোক না কেন, এখানে দল-মত, আত্মীয়-পরিবার বলে কিছু নেই। এসব অপকর্মের সঙ্গে জড়িত থাকলে দল-পরিবারনির্বিশেষে কাউকেই ছাড় দেওয়া হবে না। যারাই এর সঙ্গে সম্পৃক্ত থাকবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার হারানোর আর কিছু নেই। আমি দেশের মানুষের জন্য জীবন বাজি রেখেই কাজ করে যাচ্ছি। সরকার দেশের উন্নয়ন প্রকল্পের অর্থ উইপোকায় ধ্বংস করা থেকে রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।’

গতকাল প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলগুলোর বাণিজ্যিক সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান থেকে সুইচ চেপে একযোগে এই সম্প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশের সম্প্রচারশিল্প এক নতুন যুগে প্রবেশ করল। কারণ এর ফলে বিদেশি স্যাটেলাইট সংস্থাগুলোকে প্রদত্ত বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সক্ষম হবে দেশীয় বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো।

সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি জনগণের ‘আত্মবিশ্বাস’ ধরে রাখতে উন্নয়নের তথ্য সম্প্রচারের জন্য গণমাধ্যমের মালিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এমন কিছু করবেন না, যাতে এতকিছু পাওয়ার পরেও দেশের মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে; দিশেহারা হয়ে যায়। যেটুকু ভালো কাজ করেছি, অন্তত সেটুকুর প্রচার অবশ্যই আমি দাবি করি। গত ১০ বছরে দেশের জন্য কিছু কাজ তো করেছি। এটা তো অস্বীকার করতে পারবেন না। সেটাও একটু প্রচার করবেন, যাতে মানুষের ভেতরে একটি বিশ্বাস সৃষ্টি হয়। তারা যেন আরো সুন্দর জীবনের স্বপ্ন দেখতে পারে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার বাজেট দিয়েছি। প্রকল্প গ্রহণ ও উন্নয়ন বাজেটেও ১ লাখ ৭৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছি। কিন্তু উন্নয়ন প্রকল্প নেওয়া বা বাস্তবায়ন করার সময় আমরা মাঝে মাঝে দেখি যে উইপোকা খেয়ে ফেলে। এখন এই উইপোকা বিনাশ করার চেষ্টা করছি।’

প্রধানমন্ত্রী কোনো ধরনের প্রপাগাণ্ডা বা অপপ্রচার না করার জন্য গণমাধ্যম ব্যক্তিত্বদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার সরকারের বিরোধিতার নামে মানুষের মধ্যে অনাস্থা সৃষ্টির পাশাপাশি দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমি খুবই আনন্দিত। কারণ দেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। এতদিন আপনারা দেশের বাইরে টাকা পাঠাতেন। এখন আপনাদের অনেক টাকা বেঁচে গেল। আশা করি ইলেকট্রনিক সম্প্রচারমাধ্যমগুলোর আরো অনেক বাধা দূর হবে। পরনির্ভরশীলতা থাকবে না। আমরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেলাম।’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (্এটিসিও) চেয়ারম্যান ও মাছারাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ অনুষ্ঠানে বাণিজ্যিক সম্প্রচারের জন্য বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের সংগঠনের সঙ্গে বিসিএসসিএলের সম্পাদিত চুক্তিনামাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর ওপর একটি অডিও ভিজ্যুয়াল উপস্থাপনা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যগণ, সরকারের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিদেশি কূটনীতিক, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৯৬ সালে সরকারে আসার পর বেসরকারি খাতে টেলিভিশন চ্যানেল উন্মুক্ত করে দেওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘তখন অনেকেই এত অভিজ্ঞ ছিল না, অতটা সাড়া পাইনি। কিন্তু যারা চেয়েছিল, তাদের সবাইকে টেলিভিশন দিয়ে দিই।’

ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণার সময় অনেকের হাসাহাসি ও বিদ্রুপ করার ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল, যাদের একটা অর্থনৈতিক নীতিমালা আছে। আমাদের দলীয় কিছু সিদ্ধান্ত ও ঘোষণাপত্র আছে যে আমরা ভবিষ্যতে দেশটাকে কীভাবে গড়ে তুলতে চাই। ডিজিটাল শব্দটা, এটা আমার জানার কথা না। কারণ আমি বাংলা সাহিত্যের ছাত্রী। এই শব্দটা দিয়েছিল আমাকে সজীব ওয়াজেদ জয়। সে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট, পরবর্তীতে আবার সে হার্ভার্ডে মাস্টার্স ডিগ্রিও করেছে।’

সূত্র: দৈনিক ইত্তেফাক (০৩.১০.২০১৯)

Leave a Reply