
ভুট্রাক্ষেতে কলাপাতা হেলে পড়া নিয়ে বিরোধ –
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরে ভুট্রার জমিতে কলাগাছের পাতা হেলে পড়ার বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত অবস্থায় বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আফসার আলী নিহত হয়েছেন। বালারহাট ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চিকিৎসাধিন অবস্থায় গত মঙ্গলবার রাতে আফসার আলী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় বুধবার থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই এলাকার মৃত মমিন উদ্দিন এর ছোট ছেলে দেলোয়ার হোসেনের ভুট্রাক্ষেতে আফসার আলীর কলা গাছের পাতা হেলে পড়ে। সোমবার বিকেলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বড় ভাই আফসার আলীকে লাঠি দিয়ে পেটাতে থাকে ছোট ভাই দেলোয়ার হোসেন। তার সাথে যোগ দেন দেলোয়ারের স্ত্রী রেখা এবং পুত্রবধূ আতিকা বেগম। এতে গুরুতর আহত হন আফসার আলী। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পরপরই পালিয়ে গেছে ছোট ভাই দেলোয়ার ও তার পরিবারের সদস্যরা। নিহতের পরিবারের সদস্যরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মিঠাপুকুর থানা অফিসর ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, পিতা হত্যার ঘটনায় ছেলে আব্দুর রহমান থানায় চারজনের বিরুদ্ধে মামলা দিয়েছেন।
এম২৪নিউজ/আখতার