
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে বিআরটিসি বাসের ধাক্কায় আহত বৃদ্ধ দেলদার হোসেন (৬৫) মারা গেছেন। সোমবার (৮ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে (আইসিইউ) থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত দেলদার হোসেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাঁদনী চাঁদপুর গ্রামের মৃত. সিদ্দিক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ জুন) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ীতে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী বিআরটিসি বাসের ধাক্কায় বৃদ্ধ দেলদার হোসেন গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনাকে কেন্দ্র করে ফুটওভার ব্রীজ নির্মাণের দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে ৫ ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
এসময় দু’পাশে শত শত যান বাহন আটকে থাকে। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে ইউএনও মো. পারভেজ ও ওসি এরশাদুল হক ঘটনাস্থলে গিয়ে আগামী ১৫ জুনের মধ্যে ফুট ওভার ব্রীজ নির্মাণ কাজ শুরু হবে এমন আশ্বাস দিলে ৬টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
এদিকে সোমবার (৮ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধ দেলদার হোসেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ঘটনাস্থলে দ্রুত ফুটওভার ব্রীজ নির্মিত হবে।
প্রসঙ্গত. উত্তরাঞ্চলের অন্যতম বৃহত বাণিজ্যকেন্দ্র শঠিবাড়ী বন্দর। এই বন্দরের মাঝ দিয়ে চলে গেছে রংপুর-ঢাকা চার লেনের মহাসড়ক। ফুটওভার ব্রিজ না থাকায় যানবাহন সহ কোন পথচারী মহাসড়কটি পার হতে পারে না। ওই স্থান দিয়ে পারাপারের সময় অনেক মানুৃষ দ্রুতগামী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। তথমতে, গত দুই বছরে ওই স্থানে দূর্ঘটনায় ৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এম২৪নিউজ/আখতার