সীমান্তে মৃত ভেবে কিশোরকে ফেলে গেল বিএসএফ

নিউজ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে শাহা আলম নামে এক কিশোরকে বেধড়ক মারপিট করে মৃত ভেবে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বেতনা সীমান্তের ৩৬৭ পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বেতনা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিব।

ভারতের কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এমন পাশবিক নির্যাতন চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে পতাকা বৈঠক করার জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

আহত শাহা আলম হরিপুর উপজেলার মানিকখাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজিব জানান, শাহা আলমের শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।

আহত কিশোরের বাবা নজরুল ইসলাম জানান, সকালে সীমান্তের ৩৬৭ নম্বর পিলারের কাছে নিজের জমিতে বোরো ধান রোপণ করছিল শাহা আলম। দুপুরে হঠাৎ কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফ’র সদস্যরা এসে তাকে তুলে নিয়ে কাটাতারের কাছে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। নির্যাতনের কারণে শাহা আলম অজ্ঞান হয়ে গেলে মৃত ভেবে ফেলে চলে যায় বিএসএফ সদস্যরা। স্থানীয়রা খবর দিলে সকলে গিয়ে শাহা আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ছেলেকে নির্মমভাবে নির্যাতনের বিচারের পাশাপাশি সীমান্তে নিরাপত্তার সঙ্গে কৃষি কাজ করার নিশ্চয়তা দাবি করেছেন নজরুল ইসলামসহ স্থানীয় কৃষকরা।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে কর্নেল শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply