
স্টাফ রিপোর্টারঃ
উত্তরের জেলা রংপুরের মিঠাপুকুর উপজেলায় শীতের দাপট বেড়েছে। ঘন কুয়াশায় বির্পযস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। কনকনে ঠান্ডায় কুয়াশাচ্ছন্ন আকাশে নিখোঁজ রয়েছে আলোর ঝলকানি। এমন পরিস্থিতিতে সড়ক-মহাসড়কগুলোতে ছোট-বড় যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীতের তীব্রতায় আতংকিত হয়ে পড়েছেন উপজেলার শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষজন। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলোর পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দুর্ভোগও বেড়েছে কয়েকগুণ।
এদিকে ঘন কুয়াশার দাপটে সড়কে মানুষের উপস্থিতি কম দেখা গেলেও অনেকেই কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়েছেন। তবে সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা কম থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। গুণতে হয়েছে বাড়তি ভাড়া।
সোমবার (১১ ডিসেম্বর) সারাদিন কুয়াশার দাপট দেখা গেছে। উপজেলার পিচঢালা সড়কগুলোও ভিজেছে ঘন কুয়াশার শিশিরবিন্দুতে। সবুজ-শ্যামল প্রকৃতিও ঢেকে গেছে কুয়াশায় চাদরে।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার জেলায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
উপজেলার লতিবপুর এলাকার গোলাম রব্বানী জানান, গত কয়েকদিন থেকে ঠান্ডায় ছেলেমেয়েরা সর্দি-কাশিতে ভুগছে। চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে তিনি সন্তানদের চিকিৎসা নিয়েছেন। গতবারের চেয়ে এবার শীতের দাপট বেশী বলে জানান তিনি।
কৃষিক্ষেত্রেও শীতের প্রভাব পড়েছে। কৃষিজমিতে কাজের জন্য কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, যাদের পাওয়া যাচ্ছে তাদের দিতে হচ্ছে বেশি টাকা। এতে সার, বীজ ও সেচের সঙ্গে কৃষি শ্রমিকের মজুরিতে হচ্ছে বাড়তি খরচ।
কৃষক ফখরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে কৃষি জমিতে ক্ষতির আশঙ্কা রয়েছে। বরাবরই শীতে বোরো বীজতলা ও রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কোল্ড ইনজুরি ও পচনসহ মড়ক বেড়ে যায়।
মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাইফুল আবেদীন জানান, কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও করণীয় সম্পর্কে অবগত করা হয়েছে। এ ছাড়াও পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেবুল ইসলাম জানান, শীতকালীন রোগে আক্রান্ত শিশু, নারী ও বয়স্কদের সেবা প্রদান করা হচ্ছে। এ ছাড়াও মনিটরিং টিম রয়েছে।
উপজেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মিঠাপুকুর উপজেলায় প্রতিবারের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করা হবে। ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে কম্বল বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
এম২৪নিউজ/কবির