নিউজ ডেস্ক:
রংপুরের নয়াহাটে ধানক্ষেত থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর হাজিরহাট থানার নয়ারহাট বাজারের কাছে রংপুর-বদরগঞ্জ সড়ক সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত অটোরিকশা চালকের নাম জাহিদুল ইসলাম (৫৫)।
আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) শাহনুর আলম পাটোয়ারী জানান, জাহিদুল গঙ্গাচড়া উপজেলার বুড়িডাঙ্গী এলাকার মৃত খরকু মিয়ার পুত্র এবং পেশায় অটোরিকশা চালক। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ভোরের দিকে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, কীভাবে ও কেন তাকে হত্যা করা হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযানও চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
এম২৪নিউজ/আখতার