
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার বিধবা নারী বৃদ্ধা ধনেশ্বরী রানী (৭৩)। তিনি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক গত ২০১৮ সালের জুলাই মাস থেকে বয়স্ক ভাতার আওতাভুক্ত হয়ে ভাতা উত্তোলন করে আসছেন। কিন্তু হঠাৎ করেই তার ব্যাংক একাউন্টে টাকা জমা বন্ধ হয়ে গেলে তিনি বড়ই চিন্তায় পড়ে যান। এরপর বয়োবৃদ্ধ স্বামীহারা নারী তার ছেলেকে সাথে নিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে ভাতা বন্ধের কারণ খুজতে গিয়ে জানতে পারেন তিনি মৃত! ধনেশ্বরী রানীকে জানানো হয় তাকে মৃত্যু দেখিয়ে বয়স্ক ভাতা বাতিল করা হয়েছে। এমন ঘটনায় বিধবা ধনেশ্বরীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বেচেঁ থেকেও মৃত ধনেশ্বরী নিরুপায় হয়ে পূনরায় ভাতা প্রাপ্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।
ভুক্তভোগী ধনেশ্বরী রানী (৭৩) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাঁঠালী উত্তরপাড়া গ্রামের মৃত ভবেশ চন্দ্র বর্মনের স্ত্রী।
বৃদ্ধা ধনেশ্বরী রানী জানান, স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে দিনযাপন করে আসছেন। তার দুই ছেলে ও এক মেয়ে। ছেলেরা অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করেন। মেয়ের বিয়ে হয়েছে। শেষ বয়সে এসে গত দু বছর থেকে যে বয়স্ক ভাতার টাকা পেতেন তা দিয়েই ঔষধপত্র দুবেলা কোনোমতে তার খাবার জোগাড় হতো। হঠাৎ সেই ভাতা বন্ধ হওয়ায় চোখেমুখে অন্ধকার দেখছেন।
ধনেশ্বরী রানী আরও বলেন, আমি মারা যাইনি। নিজে উপজেলা সমাজসেবা অফিস এবং নির্বাচন অফিসে গিয়েছি। ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার মিলে চক্রান্ত করে আমার ভাতা বন্ধ করেছে। আমি জড়িতদের বিচারসহ সঠিক সমাধান চাই, আমার ভাতা চাই।
স্থানীয় একাধিক প্রতিবেশী জানান, ধনেশ্বরী ঘর থেকে বের হতে পারেন না। হঠাৎ তার ভাতা বন্ধ করটা ঠিক হয়নি। ইউনিয়ন সমাজকর্মী, মেম্বার-চেয়ারম্যান ও গ্রাম পুলিশ সদস্যরা তো জানেন ধনেশ্বরী বেঁচে আছেন। তবুও তার ভাতা হঠাৎ বাতিল করার পিছনে কারা জড়িত চিহ্নিত করে বিচার নিশ্চিত করা হোক।
এ বিষয়ে উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, কিছুদিন আগে প্রত্যেক ইউনিয়ন পরিষদ চত্বরে ভাতা প্রাপ্তদের যাচাই-বাছাই করা হয়। হয়তো সেদিন ধনেশ্বরী উপস্থিত ছিলেন না। তখন মেম্বার-চেয়ারম্যানরা তাকে মৃতের তালিকাভুক্ত করেন। এখন যেহেতু তিনি জীবত আছেন তার আবেদন অনুমোদন হয়ে আসলে আবারও ভাতা পাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিকাশ চন্দ্র বর্মন বলেন, ধনেশ্বরী রানীর ভাতার বিষয়ে আবেদন পেয়েছি। সংশ্লিষ্ঠ চেয়ারম্যান ও সমাজসেবা দপ্তরে বিষয়টি অবগত করে তার ভাতা পাওয়ার বিষয়ে বলা হয়েছে।
এম২৪নিউজ/আখতার