রংপুরে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক:

রংপুরে দশতলা ভবনের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর মামলায় প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র সাকিনকে নগরী থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদে নুজশাতের মৃত্যুর আগে মোবাইলে কথা বলা ও তাদের মাঝে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছে সাকিন।

এদিকে, মঙ্গলবার বিকেলে সাকিনকে আসামী করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন নুজশাতের বাবা নজরুল ইসলাম। এজাহারে তিনি প্রাইভেট শিক্ষকের মানসিক নির্যাতনের কারণে নুজশাতের মৃত্যু হতে পারে বলে অভিযোগ করেন।

সোমবার বিকেল সাড়ে ৫ টায় নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নুজশাত জাহান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে একজন শিক্ষার্থী লাফ দিয়ে পড়ে মারা যায়, প্রথমের দিকে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছিল। তদন্ত চলাকালীন সময়ে নিহতের বাবা কোতোয়ালি থানায় এসে এজাহার দায়ের করেছেন। আমরা সকল বিষয় নিয়ে তদন্ত করছি। নর্থ ভিউ হোটেল কর্তৃপক্ষের গাবলতি আছে কিনা সেটিও তদন্তে সাপেক্ষে জানা যাবে।

নিহতের বাবার অভিযোগের ভিত্তিতেই রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply