
অনলাইন ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেহেদী হাসান নামে এক বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।
রোববার (১২ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মেহেদী হাসান মিঠাপুকুরের লতিবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
এর আগে লতিবপুর ইউনিয়ন পরিষদের ছাদে নিয়মিত মাদকের আসর বসানো এবং উপজেলা মাদকবিরোধী কমিটির নেতার রক্ত দিয়ে গোসলের হুমকি দিয়ে আলোচনায় আসেন বিএনপির এই নেতা।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত বিএনপি নেতা মেহেদী হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মিঠাপুকুরের লতিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, মেহেদীর ইয়াবা সেবনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখামাত্রই আমি উপজেলা সভাপতিকে বিষয়টি অবগত করেছি। কিছুক্ষণের মধ্যে উপজেলা সভাপতির সঙ্গে বিষয়টি নিয়ে দেখা করার কথা রয়েছে। আপনারা উপজেলা সভাপতির সঙ্গে কথা বলুন।
মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন (পাইকার) বলেন, আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি এবং বিষয়টি আমার দৃষ্টিগোচরও হয়নি। এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, তবে আমরা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।
মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী বলেন, মেহেদীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের বিষয়ে আমি কিছুই জানি না। সকাল থেকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করিনি, কোনো খোঁজখবরও নেইনি। পরে সামনা-সামনি দেখা হলে এ বিষয়ে আপনাকে জানাব। তথ্যসূত্র: এশিয়া পোস্ট।
এম২৪নিউজ/আখতার