
নিউজ ডেস্ক:
রংপুরে গুড হেলথ ক্লিনিকে ভুল চিকিৎসায় সাঈদ মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ তুলেছেন তার স্বজনরা।
রবিবার (১৮ অক্টোবর) রাতে নগরীর ধাপ এলাকায় অবস্থিত ওই বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। এ সময় রোগীর স্বজনদের বিক্ষোভ করা শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
স্বজনদের অভিযোগ, রোববার সন্ধ্যায় কাঁধের ফোঁড়া অপারেশন করতে গুড হেলথ হাসপাতালে আসেন নগরীর বিহারি ক্যাম্প বস্তির মো. ইসরাফিলের ছেলে সাইদ। কিন্তু অপারেশনের পর রক্তক্ষরণ বন্ধ না হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
রংপুর মেডিকেলে তিন ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর মারা যান সাইদ। এ ঘটনার পর স্বজনরা তার মরদেহ নিয়ে হাসপাতাল ঘেরাও করেন। পরে মেট্রোপলিটন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুড হেলথ হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. সৈয়দ মামুনুর রহমান বলেন, ‘এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, ‘মরদেহ নিয়ে স্বজনরা বিক্ষোভ করলে আমরা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এখন পর্যন্ত মৃতের স্বজনরা থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’ সংগৃহীত
এম২৪নিউজ/আখতার