রংপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

রংপুর অফিস:

রংপুর নগরীর ৩৩নং ওয়ার্ডের মেকুরা মধ্যপাড়া গ্রামের জুয়েল রানা (২৮) নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ডও অপর জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।একজন খালাস পেয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ তারিখ হোসেন এ রায় ঘোষণা করেন।

ব্যবসায়ীকে হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি হলো, রংপুরের পীরগাছা উপজেলার দেউতি গ্রামের আফছার আলীর ছেলে মেহেদী হাসান সাগর (২৫) এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত শাকিল মিয়া (২৫) একই গ্রামের দৌলত মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানার মেকুড়া এলাকায় বালু ব্যবসায়ী জুয়েল নিজের ট্রাক্টরে বালু উত্তোলন করতে যাওয়ার সময় আসামিরা তাকে তুলে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এরপর লাশ মাটি খুঁড়ে মাথা ও শরীরের একাংশ পুঁতে রেখে চলে যান। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে মাহিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশতদন্ত শেষে পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।

মামলায় ২৩ সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি সাগরকে মৃত্যুদন্ড এবং সাকিলকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। বাকি আসামিদের খালাস দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এরপর কঠোর পাহারায় দন্ডপ্রাপ্ত আসামিদের রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় পুলিশ।

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী নয়নুর রহমান বলেন, আমরা ন্যায্য বিচার পেয়েছি।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী এমদাদুল হক রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, এ রায়েরে বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply