কমল কন্ত রায়, গঙ্গাচড়া (রংপুর):
বুলবুলি পাখির অত্যাচারে অতিষ্ঠ গঙ্গাচড়ার বেগুন চাষিরা। বুলবুলি পাখি প্রতিদিন বেগুন খেয়ে ফেলছে। ফলে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন চাষিরা।
উপজেলার পশ্চিম নবনীদাস গ্রামের কৃষক ঝন্টু রায়। প্রতিবারের মতো এবারও ৫০ শতক জমিতে আগাম বেগুন চাষ করেছেন। বেগুন যখন ধরা শুরু হলো এরই মধ্যে খেতে বুলবুলি পাখির অত্যাচার বাড়তে থাকল। প্রতিদিন পাখির সংখ্যা বাড়তে থাকে। প্রতিদিনই দুই থেকে তিন কেজি বেগুন নষ্ট করে পাখি। এ অবস্থায় বিপাকে পড়ে যান ঝন্টু। অবশেষে বাজার থেকে কিনে আনলেন নেট। যার দাম ৮ হাজার টাকা। সেই নেট টাঙিয়ে দেন বেগুন খেতে। এখন আর সেই বুলবুলি আসে না।
ঝন্টু রায় বলেন, এ বছর বেগুনে মুনাফা হচ্ছে। বাজারে বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
উপজেলার চেংমারী ও মাদ্রাইন এলাকায় ঘুরে দেখা দেখা বুলবুলি পাখির হাত থেকে রক্ষার্থে অনেক চাষি বেগুন খেতে নেট টাঙিয়ে দিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বুলবুলি পাখি বেগুনের অনেক ক্ষতি করে। প্রতিটি বেগুন খেতে নেট ব্যবহার করা দরকার বলে মনে করেন।