মিঠাপুকুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু, আহত ৮

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। আজ শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের ছোট হযরতপুর মাঝিপাড়া গ্রামের অলিন রায়ের ছেলে মিলন রায় (৩০) ও রামেশ্বরপাড়া গ্রামের আনছের আলীর ছেলে আবু তালেব (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ শনিবার সকালে পাশের ছোট শালমারা মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। বিকাল ৩টার দিকে হঠাৎ ওই এলাকায় পরপর কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন। তাঁদেরকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিলন ও আবু তালেব মারা যান।

আহতদের মধ্যে গোল্ডেন মিয়া, তাঁর স্ত্রী লিমা বেগম, মর্জিনা বেগম, জগদীশ রায়, সুবল, নিখিল, শামছুলসহ ৮ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গোল্ডেন ও লিমা বেগম বিলের ধারে মাছ ধরা দেখছিলেন।

প্রত্যক্ষদর্শী উজ্জল মিয়া ও রাজু আহম্মেদ বলেন, আমরা বিলের ধারে মাছ ধরা দেখছিলাম। আকাশ ভালোই ছিল। হঠাৎ প্রচন্ড বাতাস ও বজ্রপাত শুরু হলো। সেখানেই দুইজন মারা গেলো। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্কা (ওসি) মো. নুরুজ্জামান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply