
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ২৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ করেছে আলোর পথিক ফাউন্ডেশন। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার রাণীপুকুর এরশাদমোড়ে অবস্থিত বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজে এই মেধাবৃত্তি পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোর পথিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান। বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী মো. মাজেদ আলী, এরিয়া ম্যানেজার মো: মোরছালিন মিয়া, ম্যানেজার মো: আল মাহমুদ ও আইটি বিভাগের কর্মকর্তা মো: বারিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আশিকুর রহমান উপস্থিত শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, “আজ তোমাদের এই উজ্জ্বল মুখগুলো দেখে আমার সেই কথাটি মনে পড়লো— ‘স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না।’ আলোর পথিক ফাউন্ডেশন কেবল তোমাদের হাতে একটি বৃত্তির চেক বা পুরস্কার তুলে দিচ্ছে না, বরং আমরা তোমাদের স্বপ্নের সারথি হতে এসেছি। বেগম রোকেয়া নারী শিক্ষার যে মশাল জ্বেলেছিলেন, তোমরা সেই মশালকে সামনে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবে, মেধা সবার থাকে, কিন্তু পরিশ্রম আর সততা সেই মেধাকে শিকড়ে পৌঁছে দেয়। তোমরা কেবল বড় চাকরিজীবী হওয়ার স্বপ্ন দেখো না, বরং বড় মানুষ হওয়ার প্রতিজ্ঞা করো। আলোর পথিক ফাউন্ডেশন তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথির বক্তব্যে মো: মাজেদ আলী বলেন, “আমাদের আলোর পথিক ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো অর্থের অভাবে যেন কোনো মেধা ঝরে না পড়ে। আজকের এই মেধাবৃত্তি তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। তবে মনে রাখবে, এই বৃত্তি পাওয়ার সাথে সাথে তোমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। এই সমাজ ও দেশের প্রতি তোমাদের ঋণ আছে। আমরা চাই তোমরা এমনভাবে নিজেদের গড়ে তোলো যেন ভবিষ্যতে তোমরাও অন্য কারো জন্য ‘আলোর পথিক’ হতে পারো। বৃত্তি পাওয়াটা শেষ কথা নয়, বরং এটা তোমাদের আগামীর দীর্ঘ পথচলার এক ধাপ অগ্রযাত্রামাত্র। তোমাদের সাফল্যই আমাদের সার্থকতা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মো: মোরছালিন মিয়া বলেন, আজকের এই অর্জন তোমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল। যারা আজ পুরস্কার পেলে, তোমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। আর যারা এবার পাওনি, তারা হতাশ না হয়ে আরও দ্বিগুণ উদ্যমে চেষ্টা করো—সফলতা আসবেই। মাঠ পর্যায়ে তোমাদের শিক্ষা সংক্রান্ত যেকোনো সমস্যায় আমরা তোমাদের পাশে আছি। নিয়মিত পড়াশোনা করো এবং সবসময় বড় হওয়ার জেদ মনে পুষে রেখো।
অনুষ্ঠানে অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
এম২৪নিউজ/আখতার