
নিউজ ডেস্ক:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা বিশ্বকাপ জয় করে বীরের বেশে দেশে ফিরেছে। বিকেল পৌনে ৫টায় বিশ্বকাপের ট্রফি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আকবর-তৌহিদ হৃদয়রা। বিমানবন্দরে বিশ্বজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিসিবির সভাপতিসহ কর্মকর্তারা।
বিমান থেকে নামার পর বিশ্বকাপ জিতে ইতিহাস গড়া ক্রিকেটারদের একে একে ফুলের মালা পরিয়ে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সেখান থেকে ‘চ্যাম্পিয়ন বাস’-এ করে বিশ্বজয়ীদের নেয়া হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেবেন আকবর আলীরা।
মিরপুরে টাইগার যুবাদের অভ্যর্থনা জানাতে হাজির হয়েছে হাজার হাজার ভক্ত। ফুল দিয়ে ক্রিকেট বীরদের স্বাগত জানায় ভক্তরা। পুরো স্টেডিয়াম ভরে গেছে টাইগার সমর্থকে।
এর আগে, ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন, জার্সি এবং জাতীয় পতাকা হাতে হাজারো ক্রিকেটপ্রেমী বিমানবন্দরে আকবরদের বরণ করে নেয়। কখনো কখনো তারা ‘আকবর, আকবর’ বা ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানেও মুখরিত করে তোলে বিমানবন্দর প্রাঙ্গন।