
অনলাইন ডেস্ক:
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে ট্রেনের চাকায় ত্রুটির থাকার কারণে লাইনচ্যুতির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাত পৌনে ১২টা নাগাদ বঙ্গবন্ধুর সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে তিনটি এবং পশ্চিম স্টেশনে একটি ট্রেন আটকা পড়েছে বলে জানান তিনি।
বুকিং স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ঘটনার পর থেকেই উদ্ধার তৎপরতা চলছে। এছাড়াও উদ্ধারকারী ট্রেনকে ঘটনাস্থলে আসার জন্য ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, রেল যোগাযোগ বন্ধ থাকায় গাজীপুরের থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। যাত্রীদের ভোগান্তি কমানোর চেষ্টা করা হচ্ছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার