দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

নিউজ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

অন্যদিকে নতুন করে কেউ আক্রান্ত হননি, ফলে আক্রান্তের সংখ্যা ৩৯-ই আছে। তবে, সুস্থ হয়েছেন আরো দুজন। সবমিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।

বুধবার বেলা ১২ টার দিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি জানান, মারা যাওয়া বৃদ্ধের বয়স ৬৫ বছর। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরো জানান, এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ৪৭ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশন আছেন ৪৫ জন। মোট আক্রান্ত ৩৯ এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ৫। এদিকে রাজধানীর টোলারবাগে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন হতে পারে বলে মনে করছে আইইডিসিআর।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের জন্য খোলা হটলাইনে দুই হাজার ৭৩০টি কল এসেছে। এরমধ্যে সবগুলো কলই করোনা সম্পর্কিত।

এছাড়া এই সময়ের মধ্যে ৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নিয়ে মোট ৭৯৪ জনের নমুনা সংগ্রহ করা হলো।

তিনি জানান, সরকার আগামীকাল বৃহস্পতিবার থেকে ১০ দিনের বাধ্যতামূলক যে ছুটির সিদ্ধান্ত নিয়েছে তা করোনাভাইরাস মোকাবিলায় ভূমিকা রাখবে।

এর আগে, মঙ্গলবার আইইডিসিআর জানায়, দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৯ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন তিনজন। সুস্থ হয়েছেন পাঁচজন এবং ৩১ জন চিকিৎসাধীন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।