
অনলাইন ডেস্ক:
পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন উপলক্ষে ৩ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৬ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে।
ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বলেন, মোটরসাইকেলসহ ৪ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত সব যন্ত্রচালিত যানও বন্ধ থাকবে। এ জন্য জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন।
এতে বলা হয়েছে, পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদে ৫ জানুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৪ জানুয়ারি ১২টা থেকে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে ইসি। একইসঙ্গে ৩ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৬ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য।
এ ছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
অন্যদিকে জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সূত্র: আরটিভি অনলাইন
এম২৪নিউজ/আখতার