ইমরান খান আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর ‘বেজার’

নিউজ ডেস্ক:

ভারত শাসিত কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব সহকারে খবর প্রকাশ না করায় এক ধরণের বেজার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এনিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।

টুইটারে ইমরান প্রশ্ন তুলেছেন, ‘আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কেন কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি এড়িয়ে যাচ্ছে। অন্য দিকে হংকং-এর প্রতিবাদ আন্দোলন নিয়ে সব সংবাদ মাধ্যমেই বড় করে দেখানো হচ্ছে।’

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। তার পর থেকেই আন্তর্জাতিক মহলকে নিজেদের পক্ষে টানতে এবং ভারতের বিপক্ষে সরব হওয়ার জন্য দরবার করে যান পাক প্রধানমন্ত্রী। কিন্তু কার্যত চিন ছাড়া কাউকে পাশে পাননি।

৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকে কাশ্মীরে মোবাইল, ইন্টারনেট, ল্যান্ডলাইন, কেবল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই বিষয়কে ‘মানবিকতার সঙ্কট’ আখ্যা দিয়ে ইমরানের বক্তব্য, ‘কাশ্মীরকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে প্রায় দু’মাস। সেইসঙ্গে রাজনৈতিক নেতা-নেত্রী সহ হাজার হাজার লোককে বন্দি করা হয়েছে।’

সূত্র: ইত্তেফাক অনলাইন।

Leave a Reply