
অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার তিনি নিজেই এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন।
অমিত শাহ জানান, ‘করোনার উপসর্গ দেখা দেয়ায় আমি পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তবে ডাক্তারদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হচ্ছি। আপনাদের মধ্যে যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেটেড রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।’
এদিকে বিশ্বের অন্যতম বৃহৎ ও জনবহুল দেশ ভারতে ক্রমেই বেড়ে চলেছে মহামারি এই ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। তবে এই প্রথম দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের কেউ এতে আক্রান্ত হলেন।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ভারতে বর্তমানে মোট ১৭ লাখ ৫৭ হাজার ৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৪৫২ জনের। দেশটিতে প্রতিদিনই এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: এনডিটিভি