থানায় জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে হবে: মিঠাপুকুরে রংপুর পুলিশ সুপার

মো: শামীম আখতার:

থানায় জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে হবে উল্লেখ করে রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন- ২০২০ সাল ‘মুজিব বর্ষ’। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ -এই শ্লোগান ধারণ করে আমরা কাজ করছি। থানায় সব সময় জনগণকে সেবা দিতে হবে। এতে বিন্দু পরিমাণ কার্পণ্য করা যাবে না। থানার আশপাশে কোনো দালাল থাকবে না। থানা হবে দালালমুক্ত, তাই জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। কোনো পুলিশ যদি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার বিকেলে মিঠাপুকুর থানার আয়োজনে মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি আরো বলেন, মানুষ যাতে বিশ্বাস নিয়ে থানা থেকে ফিরতে পারে, সেলক্ষে আমরা কাজ করে যাবো। সাধারণ মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করবো। এসময় মিঠাপুকুর থানা এবং বৈরাতীহাট তদন্তকেন্দ্রের , সকল পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন এসপি বিপ্লব কুমার সরকার।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, (ডি-সার্কেল) আরমান হোসেন এবং পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত/অপারেশন এবং ভেন্ডাবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক শাহিনুর ইসলাম তালুকদার প্রমুখ।