
স্টাফ রিপোর্টার:
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মিঠাপুকুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে শনিবার (১৩ জুলাই) বিকালে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান পিপিএম বার।
তিনি বলেন, মাদকের বিষয়ে জিরো টলারেন্স ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে পুলিশ কাজ করবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ থানায় এসে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের সুবিধা-অসুবিধা, হয়রানি, তাদের প্রত্যাশা ও প্রাপ্তির বিষয়ে খোলামেলা বক্তব্য তুলে ধরেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরু, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল আবু হাসান, প্রেসক্লাব সভাপতি শেখ সাদী সরকার প্রমুখ।
এম২৪নিউজ/আখতার