
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দম্পতির বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবীর রণি ও তার স্ত্রী আফসানা লিজার উপজেলা সদরের বাসায় এ ঘটনা ঘটে।
সন্ত্রাসীরা ওই চিকিৎসক দম্পতিকে মারপিট ও শ্নীলতাহানি ঘটায়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ওই দম্পতি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবীর রণি ও তার স্ত্রী চিকিৎসক আফসানা আক্তার লিজা উপজেলা সদরের চিথলী দক্ষিণপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকেন। ভোর ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে জেগে দেখেন, জানালার গ্রিল ভেঙে দুস্কৃতকারীরা তাদের ঘরে ঢুকছে। এরপর সন্ত্রাসীরা তাদের মারধর শুরু করে। মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, শত্রুতাবশত হয়তো চিকিৎসকের বাড়িতে হামলা করেছিল দুস্কৃতকারীরা। সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত চলছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এম২৪নিউজ/আখতার।