
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ট্রাকের ধাক্কায় এক দলিল লেখক ও তার ভাতিজি নিহত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার শঠিবাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের দুবলাচরী লতিবপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে ও মিঠাপুকুর উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক লাবলু মিয়ার (৩৫) স্ত্রীর রিফা বেগম অসুস্থ্য হয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্ত্রীকে দেখতে ছেলে জীবন মিয়া ও ভাতিজি জুঁই মণিকে নিয়ে মোটরসাইকেল যোগে মিঠাপুকুর উপজেলা সদরে যাচ্ছিলেন।
পথিমধ্যে শঠিবাড়ী ফিলিং ষ্টেশনের কাছে মহাসড়কে ওঠামাত্রই পেছন দিক থেকে আসা রংপুরগামী একটি দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জুঁই মণি মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় লাবলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।