মিঠাপুকুরে ট্রাক চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আমিরুল কবির সুজন, মিঠাপুকুর, (রংপুর):

রংপুরের মিঠাপুকুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাবিবা আকতার হ্যাপি নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের ফকিরেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবা আকতার উপজেলার লতীবপুর ইউনিয়নের জায়গীর নিশ্চিন্তপুর গ্রামের নুরুল হোদার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চেংমারী ইউনিয়নের মোশলেম বাজার এলাকায় বান্ধবীর বাসা থেকে ছোট ভাইয়ের সাথে মটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন হাবিবা আকতার হ্যাপি। পথিমধ্যে ফকিরেরহাট থেকে পাগলারহাটের মধ্যেবর্তী স্থানে রাস্তায় শুকাতে দেওয়া খড়ের কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মটরসাইকেলের পিছনে থাকা হাবিবা আকতার ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে পিষ্ট করে দ্রুতগতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয় ।

নিহত হাবিবা আকতার হ্যাপি এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে নিশ্চিন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম২৪নিউজ/আখতার।