
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে কামরুল হাসান নামে এক ফুটবল খেলোয়াড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুলাই) বিকালে মিঠাপুকুর কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল হাসান দুর্গাপুর ইউনিয়নের কৃষ্ণপুর (পুকুরপাড়) গ্রামের ভ্যান চালক মানিক মিয়ার ছেলে। তিনি মিঠাপুকুর ক্রীড়া উন্নয়ন পরিষদের একজন খেলোয়াড় ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে মিঠাপুকুর কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। এসময় কামরুল হাসানের ছোট ভাই আবু তাহের ক্রীড়া উন্নয়ন পরিষদের বিল্ডিং এর ছাদে উঠে খেলা দেখছিল। কামরুল হাসান তার ছোট ভাইকে নামানোর জন্য ছাদে ওঠেন। ওই ছাদের উপর দিয়ে বিদ্যুতের লাইন গেছে পাশের একটি দোকানে। ছাদ থেকে নামার একপর্যায়ে ঝুলন্ত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে কামরুল হাসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল হানানকে মৃত ঘোষণা করেন।
তার সহপাঠীরা বলেন, কামরুল হাসান নিয়মিত ফুটবল খেলোয়াড় ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এসব তথ্য নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
এম২৪নিউজ/আখতার