মিঠাপুকুরে মাইক্রোবাস চাপায় ব্যবসায়ীকে হত্যা করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

মো: শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তিনজন গরু ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এসময় বাধা দেওয়ায় মাইক্রোবাস চাপা দিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করে পালিয়েছে দৃস্কৃতিকারীরা। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুর-বৈরাগীগঞ্জের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

[quads id=1]

নিহত ব্যবসায়ী সাদেক বাদশা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়া গ্রামের বাসিন্দা।

মিঠাপুকুর থানা পুলিশ ও আহত ভটভটি চালক সাজু মিয়া জানান, বুধবার রাত ৯টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ীকে নিয়ে কুড়িগ্রাম জেলার বড়বাড়ি হাটে গরু বিক্রি করে নিজ গ্রাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার নলেয়ায় ফিরছিলেন তারা। পথিমধ্যে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ-বলদীপুকুরের মাঝামাঝি স্থানে পৌঁছলে একটি মাইক্রোবাস তাদের পথ রোধ করে।

৮-১০ জন লোক মাইক্রোবাস থেকে নেমে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের পরিচয় ও কাগজপত্র যাচাই করতে থাকে। এ সময় ৩ জনের কাছ থেকে গরু বিক্রির সাড়ে ৩ লাখ টাকা কেড়ে নিয়ে চলে যেতে চাইলে গরু ব্যবসায়ীরা তাদের কাছে থাকা বাঁশ দিয়ে মাইক্রোবাসটি আটকানোর চেষ্টা করে।

ছিনতাইকারীরা সাদেক বাদশা নামে একজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত হন ভটভটি চালক সাজু মিয়া। পরে স্থানীয় লোকজন বাদশা ও সাজু মিয়াকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদেক বাদশাকে মৃত ঘোষনা করেন।

[quads id=2]

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, দৃস্কৃতিকারীদের ধরতে জোরালো অভিযান চলছে।

রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি তৎপরতা শুরু হয়েছে। ঘটনাটিকে পুলিশ গুরুত্বসহকারে দেখছে বলে জানান তিনি।

এম২৪নিউজ/আখতার