মিঠাপুকুরে মুক্তিযোদ্ধার পরিচয়ে মামলা করে প্রতিপক্ষকে হয়রানীর অভিযোগ

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুরে মুক্তিযোদ্ধার পরিচয়ে মামলা করে প্রতিপক্ষকে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করেছেন উপজেলার ইমাদপুর ইউনিয়নের তেতুলিয়া খামারপাড়া গ্রামের সামছুল হক।

জানা গেছে, উপজেলার ইমাদপুর ইউনিয়নের তেতুলিয়া খামারপাড়া গ্রামের আব্দুল করিমের সাথে প্রতিবেশী মৃত হাছেন আলীর ছেলে সামছুল হকের বসতবাড়ীর জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে।

গত ২৯ এপ্রিল জমির দখল নিয়ে উভয়ের মাঝে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা হয়েছে। যার নম্বর ০৪, তারিখ-০১/০৫/২০২০।

অভিযোগ উঠেছে মামলার বাদী মিলন মিয়া প্রতিপক্ষ সামছুল হক ও তার পরিবারের সদস্যদের হয়রানী করার উদ্দেশ্যেই মামলাটি করেছেন।

সামছুল হকের অভিযোগ- মিলন মিয়া থানা পুলিশের নিকট সুবিধা নেওয়ার কৌশল হিসেবে তার পিতা আব্দুল করিমকে মুক্তিযোদ্ধা দাবী করছেন। কিন্তু উপজেলার মুক্তিযোদ্ধার তালিকা এবং সমাজসেবা অফিসের ভাতাভোগী মুক্তিযোদ্ধার তালিকায় আব্দুল করিমের নাম নেই। জমির মালিকানা নিয়েই মিলন মিয়া ও সামছুল হক পরিবারের সদস্যদের মাঝে বাক-বিতন্ডার এক পর্যায়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৫/৬জন আহত হয়েছেন বলে দাবি করেন সামছুল হক।

ভুক্তভোগী সামছুল হকের পরিবার সুষ্ঠ তদন্তপুর্বক আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য রংপুর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এম২৪নিউজ/আখতার।