
স্টাফ রিপোর্টার:
খাদ্যবান্ধব কর্মসূচি এবং নিম্ন আয়ের মানুষের জন্য সারাদেশের ন্যায় আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে মিঠাপুকুরে খোলা বাজারে প্রতি কেজি ৩০ টাকায় চাল বিক্রি শুরু হয়েছে। মূলত অসহায়, দুস্থ, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য বিশেষ এই কার্যক্রম শুরু করেছে সরকার।
আজ বৃহস্পতিবার সকালে মিঠাপুকুর উপজেলা সদর ও শঠিবাড়ীতে ৩০ টাকা কেজি দরে চাল খোলা বাজারে বিক্রয় কাজক্রম এর শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমুল্য কুমার সরকার, শঠিবাড়ী এলএসডি (ভারপ্রাপ্ত) কর্মকতা রাশেদুুল ইসলাম খন্দকার, প্রেসক্লাব সভাপতি শেখ সাদী সরকার প্রমুখ।
উদ্বোধনকালে ইউএনও বলেন, সরকার বিভিন্নভাবে অসহায় মানুষকে সাহায্য করে আসছে। বর্তমান সংকট মোকাবিলায় খোলাবাজারে চাল বিক্রির জন্য ওএমএস কার্যক্রম শুরু করেছে। যাতে খেটে খাওয়া মানুষ অল্প দামে এই চাল কিনতে পারেন।
জানা গেছে, সরকার জনদুর্ভোগ লাঘবে ওএমএস ডিলারের সংখ্যা তিনগুণ বাড়িয়েছে এবং ওএমএস সেন্টারের সংখ্যা ও ৮১৩ থেকে ২৩৬৩-এ উন্নীত হয়েছে। ৩০ টাকা কেজি দরে মাসে দুইবার ৫ কেজি করে চাল এবং সাধারণ মানুষ যাদের টিসিবি কার্ড নেই তাদের এনআইডি কার্ডের বিপরীতে একই পরিমাণ চাল দেওয়া হবে।
এম২৪নিউজ/আখতার