মিঠাপুকুর অতিক্রম করলো সেনাবাহিনীর শতাধিক সাইক্লিস্ট

নিউজ ডেস্ক:

মুজিববর্ষ স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন।দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করা সাইক্লিস্টরা ১০১০ কিলোমিটার পাড়ি দিয়ে ৬ ডিসেম্বর টেকনাফে পৌছার কথা।

শুক্রবার সকাল ১০ টায় সাইক্লিস্টদের দলটি মিঠাপুকুরে এসে পৌঁছায়। পরে সকাল ১১ টায় বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এর আগে গত রোববার (৮ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নজরুল ইসলাম এর উদ্বোধন করেন।

‘তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইকেলে ১০১০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেয়ার দুঃসাহসিক প্রয়াস সাইক্লিং এক্সপেডিশন।

জাতির পিতার জন্ম শতবর্ষের চেতনাকে ধারণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশনের ১০০ জন সাইক্লিস্টের অংশগ্রহণে এই বছরকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা করা হয়েছে। একই সঙ্গে একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্য ৭১ জন সাইক্লিস্ট এই এক্সপেডিশন চলমান রাখবে। দলে আরও ২৯ জন রিজার্ভ সাইক্লিস্ট রয়েছে’।

আগামী ৬ ডিসেম্বর টেকনাফে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন শেষ হওয়ার কথা। এর আগে রংপুর হতে বগুড়া, সাভার, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও রামু হয়ে টেকনাফে পৌঁছাবে সাইক্লিং এক্সপেডিশনে অংশ নেয়া সাইক্লিস্টরা।

এম২৪নিউজ/আখতার