মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

অনলাইন ডেস্ক:

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সের অবহেলায় মো. মোরসালিন (১১) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার শিশুটির ফুপাতো ভাই মেহেদী হাসান মুরাদ বাদী হয়ে মিঠাপুকুর থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

​অভিযুক্তরা হলেন- মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক কাউছার, স্যাকমো নাহিদ, সিনিয়র স্টাফ নার্স নাজমা খাতুন ও রানু বেগম। তারা সবাই ঘটনার দিন রাত্রিকালীন ডিউটিতে ছিলেন।

শিশুটির পরিবারের সদস্যরা জানায়, গত শনিবার রাত ২টার দিকে তীব্র পেটব্যথা নিয়ে মোরসালিনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত শিশুটি তীব্র ব্যথায় ছটফট করে।

এ সময় ডা. কাওছার হাসপাতালের ডিউটি রুমে অবস্থান করলেও শিশুটিকে কোনো ধরনের চিকিৎসা দেননি। শিশুর অভিভাবক ও স্বজনরা বারবার কর্তব্যরত স্টাফ নার্স নাজমা খাতুন ও রানু বেগমের কাছে গিয়ে চিকিৎসককে ডেকে আনতে বললে তারা উল্টো খারাপ আচরণ করেন। পরে সকাল ৭টার দিকে রোগীর মা কোনো উপায় না দেখে নিজে চিকিৎসককে ডেকে আনেন। ডা. কাউছার পরীক্ষা করে জানান, শিশুটি মারা গেছে।

​শিশুটির ফুপাতো ভাই মেহেদী হাসান জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং ওই সময়ের ডিউটি রেজিস্টার পর্যালোচনা করলেই চিকিৎসক-নার্সদের চরম গাফিলতি ও অপরাধমূলক আচরণের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

​মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর হোসেন বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় জেলা সিভিল সার্জনের কাছে তদন্তের আবেদন করেছি। তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে।

​এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply