
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে অনার্স পড়ুয়া শিক্ষার্থী ও এক মোটরসাইকেল আরোহীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে খোড়াগাছ ও বলদিপুকুর এলাকা থেকে পৃথকভাবে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।
ওইদিন সকালে উপজেলার রূপসী দামুয়া এলাকায় একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় সাফিন নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত শিক্ষার্থী সাফিন মিয়া রূপসী বেকীপাড়া গ্রামের সেকান্দার আলীর ছেলে।
নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রূপসী বেকীপাড়া গ্রামের সেকান্দার আলীর ছেলে সাফিন শনিবার বিকেলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন রবিবার সকালে বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে দামুয়া এলাকায় পুকুরপাড়ে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় সাফিনের মরদেহ দেখতে পায় এক কৃষক। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।
মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরে মরদেহ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় কামরুজ্জামান ও ভুট্টু মিয়া সহ কয়েকজন জানান, শনিবার রাতে সাফিনকে কে বা কারা হত্যা করে গলায় রসি পেচিয়ে গাছের সাথে ঝুলে রাখে। এসময় তার হাত, পা সহ শরীরের বিভিন্নস্থানে রক্ত লেগে ছিল।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রংপুরের সহকারী পুলিশ সুপার সহ ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
এদিকে, সকালে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আশিকুর রহমান রাসেল (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ জানান, মোটরসাইকেল সহ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের বড়ভাই আরিফুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
এম২৪নিউজ/আখতার