
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ৫ দিন পর গতকাল মঙ্গলবার ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফসার আলী মন্ডল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আফছার মন্ডল উপজেলার চেংমারী ইউনিয়নের আবিরেরপাড়া গ্রামের মৃত. বছির মন্ডলের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চেংমারী ইউনিয়নের আবীরেরপাড়া গ্রামের আফসার আলী মন্ডলের সাথে দীর্ঘদিন থেকে পাশ্ববর্তী গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়ার শাহজাহান, সামছুল ও মর্জিনা গং এর বিরোধ চলে আসছে। আফসার আলী মন্ডলের নামে জমির সমস্ত কাগজপত্রাদি ঠিক থাকলেও লালমিয়া এবং মনজুরুল ইসলাম নামে স্থানীয় দুই ব্যক্তি শাহজাহান, সামছুল গং দ্বের উস্কে দিয়ে আফসার আলী মন্ডলের জমি দখলের চেষ্টা চালান। মন্ডল জমি রক্ষায় আফসার আলী আদালতে ১৪৪/১৪৫ ধারার আবেদন করেন। এবং আদালত উক্ত জমিতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিবাদীদের নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীরা একাধিকবার জমি দখলের চেষ্টা করে।
গত বুধবার (২৩ জুলাই) আফসার আলী মন্ডল জমিতে গাছ লাগাতে গেলে লালমিয়া ও মনজুরুল ভাড়াটে লোকজন নিয়ে এসে আফসার আলীকে গাছ লাগাতে বাধা দেয়। পরে আফসার আলীর মেয়ে ৯৯৯, এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উভয়পক্ষকে থানায় ডেকে বসার পরামর্শ দেয়। বিষয়টি নিয়ে থানায় বসা হলে পুলিশ জমির কাগজপত্র এবং আদালতের নির্দেশনা এবং দখলস্বত্ব অনুযায়ী শাহজাহান এবং সামছুল গং-দ্বের উক্ত জমিতে ঝামেলা সৃষ্টি না করার পরামর্শ দেন। সেইসাথে যেহেতু আফসার আলী ৬০/৭০ বছর ধরে জমির দখলে আছেন। এজন্য চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাহজাহান, সামছুলকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। কিন্তু লালমিয়া এবং মনজুরুল পুলিশের সঙ্গে তর্কবিতর্ক সৃষ্টি করে জমি তারা নিজেরা চাষ করবেন বলে হুমকি দিয়ে চলে যান।
পরদিন (বৃহস্পতিবার) দুপুরে আফসার আলী জমিতে পানি নিতে গেলে মনজুরুল এবং লালমিয়ার নেতৃত্বে ২০/৩০ জন লোক আফসার আলীকে মারতে শুরু করে। খবর পেয়ে আফসার আলীর মেয়ে আদুরী, ছেলে এরশাদ, ইকবাল, সাজু, মিনি বেগম সহ কয়েকজন তাকে উদ্ধারে গেলে তাদেরকেও বেধড়ক মারপিট করা হয়। এসময় মনজুরুল সহ কয়েকজন দেশীয় ছোরা দিয়ে আফসার আলীকে এলোপাতাড়ি কোপায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবণতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল মঙ্গলবার ভোররাতে আফছার মন্ডল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) হাফিজ মিয়া বলেন, মারামারির ঘটনার দিনেই মামলা রেকর্ড করে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এখন এটা হত্যা মামলায় রুপান্তরিত হবে।
এম২৪নিউজ/আখতার