অমানবিক নির্যাতনের অভিযোগ এনে মিঠাপুকুর প্রেসক্লাবে সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে সন্ত্রাসীদের আত্যাচারে সাড়ে ৩ মাস ধরে বাড়িছাড়া এক সাবেক সেনা সদস্য ও তার পরিবার। তাদের ভয়ে ওই সেনা সদস্য জমিজমা চাষাবাদ করতে পারছেন না ও থাকতে পারছেন না বাস্তভিটায়। তাঁর পরিবারের লোকজনেরাও ওই সন্ত্রাসীদের ভয়ে নিদারুন কষ্টে দিনযাপন করছেন। এছাড়াও, মামলা-হামলার ভয়ে এলাকায় যেতে পারছেন না ওই সেনা সদস্য।

ঘটনাটি ঘটেছে উপজেলায় বালুয়া মাসিমপুর ইউনিয়নে খিয়ারপাড়া-ফকিরপাড়া গ্রামে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার (১২ আগষ্ট) দুপুরে মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সাবেক সেনা সদস্য আলী আহম্মদ। এসময় তার সাথে ছিলেন বোন আনোয়ারা বেগম. ভগ্নিপতি ফরজন আলী ও সাবেক সার্জেন লাল মিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য আলী আহম্মদ বলেন, দির্ঘদিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্টির সাথে মামলা-মোকদ্দমা চলে আসছে। একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ২০০৬ সালে বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় প্রদান করেন। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে প্রায় সাড়ে ৩ মাস আগে স্থানীয় আরিফুল ইসলাম লুলু, রাশেদুল ইসলাম, সেরাজুল ইসলাম, রব্বানী মিয়া, সাইফুল ইসলাম, শহিদুল ইসলামসহ প্রায় ১৫/২০ জন সন্ত্রাসী আমার ও আমার পরিবারের লোকজনের উপর নির্যাতন চালাতে শুরু করে। ইতোপূর্বে হামলা চালিয়ে আমরা বাড়িঘর ভাংচুর করেছে। তাদের হামলার ভয়ে আমি প্রায় সাড়ে ৩ মাস ধরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সন্ত্রাসীরা ৩ লাখ টাকা চাঁদাদাবি করছে। তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় তারা আমার পরিবারের লোকজনের জমিজমা চাষাবাদ করতে দিচ্ছেনা। এ সংক্রান্ত একটি মামলা দায়ের করলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। আদালত হতে জামিনে বেড়িয়ে এসে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলনে আলী আহম্মদের ভগ্নিপতি সার্জেন লাল মিয়া বলেন, আদালতে মামলার রায় হয়েছে। সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র আমাদের উপর হামলা চালাচ্ছে। একের পর এক হুমকির মুখে আমরা দিশেহারা।

আলী আহম্মদের বোন আনোয়ারা বেগম বলেন, আমার কয়েকটি পরিবার তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমরা চরমভাবে নিরাপত্তাহীনতায় আছি।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় আলী আহম্মদ একটি মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply