মিঠাপুকুরে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত রাজা মিয়া পলাতক

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর প্রতিবেশির ঘরের মেঝে খুঁড়ে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যা করে ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল বলে শিশুর পরিবার ও এলাকাবাসি দাবি করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে। তবে, ধর্ষণ ও হত্যাকান্ডে জড়িত যুবক রাজা মিয়া পলাতক রয়েছে। উপজেলার বুজরুক সন্তোষপুর গাছুয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

ধর্ষণের পর ঘরের এই গর্তে পুতে রাখা হয় শিশুটিকে -এম২৪নিউজ

নিহত ওই শিশুর নাম রহিমা খাতুন (১০)। সে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর গাছুয়াপাড়া গ্রামের দরিদ্র কৃষক রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় বুজর্গ সন্তোষপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার এবতেদায়ী শাখার ৪র্থ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে শিশুটি মায়ের কাছে দশ টাকা নিয়ে স্থানীয় বাজারে মুদি দোকানে চিপস কিনতে যায়। এরপর সে আর ফিরে আসেনি। তার বাবা-মা বিভিন্নস্থানে অনেক খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। পরদিন বৃহস্পতিবার গ্রামবাসি ও তার পরিবার রাজা মিয়া নামে এক যুবককে সন্দেহ করে। এবং তাকে খুঁজতে থাকে। কিন্তু সে পালিয়ে যায়। এরপর তার বসতঘরে মেঝেতে গর্ত খোঁড়ার চিহ্ন দেখতে পায়। এ সময় তাদের সন্দেহ হলে মাটি খুঁড়ে শিশুটির হাত দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেয় এলাকাবাসি।

রংপুরের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাজা মিয়ার ঘরের মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। নিহতের পরিবারের দাবি- শিশুটির সর্ম্পকে ফুফাতো ভাই ও প্রতিবেশি শাহীন মিয়ার বখাটে ছেলে রাজা মিয়া (২০) ফুঁসলিয়ে তাকে বাড়িতে ডেকে নেয়। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে পাষন্ড রাজা মিয়া শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে লাশ পুঁতে রাখে।

আরো পড়ুন: মিঠাপুকুরে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি গরুসহ দু’টি ঘর পুড়ে গেছে

নিহত শিশু রহিমা খাতুন (১০)

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply