
৮টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরে নর্থবেঙ্গল জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার পাট, বস্তা ও পাটজাত পন্য পুড়ে ছাই হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে, কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার জায়গীর বাজার এলাকায় প্রতিষ্ঠিত নর্থবেঙ্গল জুট মিলের গুদামে দুপুর ১২ টার দিকে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো গুদামে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার পাট, বস্তা ও পাটজাত পন্য পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শঠিবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টার পর ব্যার্থ হন। পরে, রংপুর সদর ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে অংশ নেয়। প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরো পড়ুন: রংপুরে ১২ সাংবাদিকের বিরুদ্ধে মামলার তদন্ত করবে পিবিআই
শঠিবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অধিনায়ক কাজল মিয়া বলেন, প্রথমে আমরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরে আশপাশের এলাকাগুলো হতে ৪টি ষ্টেশনের ৮টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস রংপুর স্টেশনের সহকারী পরিচালক অহিদুল ইসলাম বলেন, অনেক চেষ্টা করে অবশেষে আগুন নিয়ন্ত্রনে এসেছে। মুলত. গুদামে পাট, বস্তা ও পাটজাত পন্য পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।
নর্থবেঙ্গল জুট মিলের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, মিলের গুদামে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো গুদাম ঘরে। এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
M24news/এসএ