মিঠাপুকুরে কর্তৃপক্ষের ভুলে ৩ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত

রানীপুকুর স্কুল এন্ড কলেজ ।।

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর স্কুল এন্ড কলেজে কর্তৃপক্ষের ভুলের কারণে ৩ শিক্ষার্থীর আসন্ন এসএসসি পরীক্ষা দেয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজ শনিবার পর্যন্ত এসএসসির ফরম পূরণ করতে পারেনি ওই ৩ শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

শনিবার ওই প্রতিষ্ঠানে গিয়ে জানা গেছে, মো. সাহেরুল ইসলাম, শাকিল আহমেদ ও রিফাত মিয়া ফরম পূরণ করতে গেলে কর্তৃপক্ষ তাদেরকে ফরম পূরণ করতে দিচ্ছেনা। নবম শ্রেণিতে তারা রেজিস্ট্রেশন করেনি বলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান। রেজিস্ট্রেশন ফি জমা, প্রতি মাসে বেতন পরিশোধ করেও ফরম পূরণ করতে না পারায় ওই শিক্ষার্থী, তাদের সহপাঠী ও অভিভাবকরা অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন।

আরো পড়ুন: শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন রংপুর পুলিশ সুপার (ভিডিওসহ)

অভিভাবক কামরুজ্জামান, জাহাঙ্গীর আলম ও তৈয়ব আলী বলেন, আমাদের ছেলেরা নিয়মিত বিদ্যালয়ে ক্লাস করেছে। নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের জন্য ফিও দেওয়া হয়েছে। তারা দশম শ্রেণিতে উঠল। মাসিক বেতন নিয়মিত পরিশোধ করা হয়েছে। প্রিন্সিপাল স্যার এখন বলছেন-আমাদের সন্তানদের নাকি রেজিস্ট্রেশন হয়নি। এটা কার দোষ? এর দায়ভার প্রিন্সিপালকেই নিতে হবে।’

ফরম পূরণ করতে আসা শিক্ষার্থী সাহেরুল ইসলাম, শাকিল আহমেদ ও রিফাত বলেন, আমরা নিয়মিত ক্লাস করেছি। টেস্ট পরীক্ষায় সব বিষয়ে পাস করেছি। তারপরও আমাদেরকে ফরম পূরণ করতে দিচ্ছেনা।

অধ্যক্ষের কার্যালয় সূত্রে জানা গেছে, এ প্রতিষ্ঠান থেকে এ বছর দেড় শত পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। প্রত্যেক শিক্ষার্থীর কাছে কেন্দ্র ফি চারশত টাকাসহ নির্ধারিত বোর্ড ফি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন: রংপুরে কুড়িয়ে পাওয়া ব্যাগভর্তি টাকা ফিরিয়ে দিলেন কলেজছাত্র

রানীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফী বলেন, নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন ফরমে তাদের নাম নেই। তাই, তারা এবার এসএসসির ফরম পূরণ করতে পারছেনা। তবে, আমি ব্যক্তিগতভাবে শিক্ষাবোর্ডে বিশেষ অনুরোধ করে তাদের ফরম পূরণের চেষ্টা করব।

রেজিস্ট্রেশন না হওয়ার দায় কার- এ প্রশ্নের উত্তরে অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের বার বার তাগাদা দিলেও তারা রেজিস্ট্রেশনের তথ্য দেয়নি। আর রেজিস্ট্রেশন না করেও তারা কিভাবে দশম শ্রেণিতে উত্তীর্ণ হলো এবং টেস্ট পরীক্ষায় অংশ নিতে পারলো- এ দায়ভার শিক্ষাপ্রতিষ্ঠানের।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

One thought on “মিঠাপুকুরে কর্তৃপক্ষের ভুলে ৩ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত

Comments are closed.