মিঠাপুকুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালমা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মৃত্যুবরণ করেন।

রোববার বিকেলে মিঠাপুকুরের নিশ্চিন্তপুর গ্রামে তার লাশ দাফন করা হয়। নিহত সালমা বেগম লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হিরু মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার জানায়, ৬ জানুয়ারি সন্ধ্যায় কনকনে ঠান্ডায় বাড়িতে আগুন পোহাচ্ছিলেন সালমা বেগম। এ সময় অসাবধানবশত তার শরীরে আগুন লেগে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।

অবস্থার অবনতি হওয়ায় পরদিন তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার রাতে সালমা বেগম মারা যান। লতিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী মণ্ডল ওই নারীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।