মিঠাপুকুরে আর্থিক সহায়তা পেল অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া গৃহবধূর পরিবার

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া গৃহবধূ সালমা বেগমের পরিবার সরকারীভাবে আর্থিক সহায়তা পেয়েছে। সোমবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওই পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের অগ্নিদদ্ধ হয়ে মারা যাওয়া গৃহবধূ সালমা বেগমের স্বামী হিরু মিয়ার হাতে এই চেক তুলে দেন। সালমা বেগম শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশফিকুর রহমান বলেন, নিহতের পরিবারকে রংপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারী সন্ধায় কনকনে ঠান্ডায় বাড়িতে আগুন পোহার সময় অসাবধানতা বশত. তার শরীরে আগুন লেগে যায়। প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবণতি হলে পরদিন ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সালমা বেগম মারা যান।