মিঠাপুকুরে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নে জায়গীরহাট সোনালী ব্যাংক শাখায় ডাকাতির উদ্দেশ্যে পাশের একটি মাদ্রাসার কক্ষ থেকে ব্যাংক বরাবর সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। সোমবার সন্ধায় বিষয়টি স্থানীয়দের নজরে আসলে পরিকল্পনাটি বাস্তবায়নে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। বিষয়টি জানাজানি হলে সুড়ঙ্গটি দেখতে সেখানে ভিড় জমায় সাধারন মানুষ। এ ঘটনায় ব্যাংকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা যায়, উপজেলার জায়গীরহাট সোনালী ব্যাংক শাখার কোল ঘেষে ফখরুল উলুম সিনিয়র মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার একটি কক্ষ থেকে ব্যাংক বরাবর একটি বড় গর্ত খোড়া হয়েছে। যেটি সুড়ঙ্গ আকৃতির। সুড়ঙ্গটির পাশে বড় পাকা রাস্তা আছে। রাস্তার পরেই একটি সেফটি ট্যাংক, তারপরেই ব্যাংকটি।

স্থানীয়রা জানায়, করোনার কারণে মাদ্রাসাটি বন্ধ। সোমবার বিকালে স্থানীয় ছেলেরা ওই মাদ্রাসার মাঠে ফুটবল খেলছিল। এক পর্যায়ে ফুটবলটি সেখানে যায়। একজন খেলোয়াড় ফুটবল আনতে গিয়ে সুরঙ্গটি দেখতে পায়। পরে সন্ধায় বিষয়টি জানাজানি হলে সুড়ঙ্গটি দেখতে সেখানে ভিড় জমায় সাধারন মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মিঠাপুকুর থানা পুলিশ ও  জায়গীরহাট সোনালী ব্যাংক শাখা ম্যানেজার সামিউল ইসলাম।

জায়গীর ফখরুল উলুম সিনিয়র মাদ্রাসার  সভাপতি এনামুল হক বলেন, আমাদের মাদ্রাসা দেড় বছর ধরে বন্ধ। মূল গেটও বন্ধ থাকে। কিন্তু মাদ্রাসার পূর্বপাশে একটি রুম আছে সেখানে কাঠসহ কিছু জিনিস আছে। ওই রুমেই এই সুরঙ্গ খোঁড়া হয়েছে। আমরা ধারণা করছি যারা এটি করেছে তারা হয়তো ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে করেছে।

বিষয়টি নিশ্চিত করে ব্যাংক ম্যানেজার মুহা: সামিউল হাসান বলেন, ব্যাংকটি একতলা ভবনে অবস্থিত। হতে পারে, এই যুযোগে দুর্বৃত্তরা সুড়ঙ্গ খুড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা করেছিল। বর্তমানে ব্যাংকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন: মিঠাপুকুরে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে গ্রাহক পেলেন মাত্র ১৫ হাজার!

মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply