মিঠাপুকুরে কাফ্রিখাল ইউপি উপ-নির্বাচন আজ

মো: শামীম আখতার ।।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরের মধ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্সসহ ভোটের যাবতীয় উপকরণ পৌঁছে গেছে বলে জানিয়েছেন উপজেলা রিটার্ণিং কর্মকর্তা।

নির্বাচনে অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষে সকল ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। নির্বাচন কমিশনারের ঘোষিত তফসিল অনুযায়ী সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

কাফ্রিখাল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৫’শ ৩৪ জন। যারমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭’শ ৫১ ও মহিলা ১৪ হাজার ৭’শ ৮৩ জন। ১২টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে ৮৬টি বুথ।
উপ-নির্বাচনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও মরহুম চেয়ারম্যান আশরাফ আলীর কনিষ্ঠ ছেলে মাহমুদুল হাসান (নৌকা), সতন্ত্র প্রার্থী মোকছেদুল ইসলাম (চশমা), হাফিজুর রহমান (আনারস), বাবলুর রহমান (ঘোড়া) ও ইলিয়াছ মিয়া (মোটরসাইকেল)।

উপজেলা নির্বাচন অফিসার এমএ হান্নান জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটের যাবতীয় উপকরণ পৌঁছে দেয়া হয়েছে। নির্বাচনে ১২ জন প্রিজাইডিং, ৮৬ জন সহকারী প্রিজাইডিং ও ১৭২ জন পোলিং অফিসার দ্বায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়াও ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব, বিজিবি, পুলিশসহ আনসার সদস্য মোতায়েন থাকবে।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর অলী বিশ্বাস বলেন, ভোটের সুষ্ট পরিবেশ বজায় রাখতে থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।

উপজেলা নির্বাহি অফিসার মামুন ভূঁইয়া বলেন, নির্বাচনে কোন প্রকার অনিয়ম করার কোন সুযোগ নেই। সকলের সহযোগীতায় কাফ্রিখাল উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করছি।

উল্লেখ্য, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২০ অক্টোবর-১৯ তারিখে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চেয়ারম্যান আশরাফ আলী। এরপর থেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য হয়ে যায়। মরহুম আশরাফ আলী ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কফ্রিখাল ইউনিয়ন পরিষদ থেকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।