আজ রোকেয়া দিবস: পায়রাবন্দে তিন দিনব্যাপী রোকেয়া মেলা

স্টাফ রিপোর্টার:

আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কোলকাতার ভাগলপুরে বেগম রোকেয়া মৃত্যু বরণ করেন। পরে সেখানকার শোদপুরে বেগম রোকেয়াকে সমাহিত করা হয়।

দিবসটি উপলক্ষে রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে তিন দিনব্যাপী (৯-১১ ডিসেম্বর) রোকেয়া মেলা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন। রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে গত শনিবার বিকেলে বেগম রোকেয়ার স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেছেন রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল।

প্রথম দিন আজ সোমবার সকাল নয়টায় তিন দিনব্যপী রোকেয়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

সভাপতিত্ব করবেন রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল। স্বাগত বক্তব্য রাখবেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেম পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, রংপুর সরকারী কলেজের অধ্যক্ষ শামিমা আখতার ও সরকারী বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) শামিমা আকতার।

এছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে- স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা, মিলাদ ও দোয়া মাহফিল, প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং বিকেলে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম দুলাল বলেন, ভারত উপমহাদেশে প্রথম বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন বেগম রোকেয়া। বিশেষ করে নারী-পুরুষের যে বৈষম্যতা তা নিরসনে তিনি ছিলেন সোচ্চার।

তিনি বলেন, অন্যান্যবারের মত এবারো যথাযোগ্য মর্যাদায় সরকারীভাবে তিন দিনব্যাপি বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে রোকেয়া দিবস পালন করা হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে রোকেয়া দিবসের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা (উপজেলা প্রশাসন) সার্বিক সহযোগিতা করে থাকি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply