মিঠাপুকুরে শিশু বলৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ৪ বছরের এক শিশু বলৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় বাদশা মিয়া (৫৬) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর বেলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আটক বাদশা মিয়া ঐ গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

বলৎকারের শিকার ঐ শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর বেলবাড়ী গ্রামের জাকির হোসেন ও তার স্ত্রী ৪ বছর বয়সী ছেলেকে বাড়ীতে রেখে কাজের জন্য বাহিরে যায়। এদিকে বাড়ীতে পরিবারের লোকজন না থাকার সুযোগে প্রতিবেশী মৃত ময়েজ উদ্দিনের ছেলে বাদশা মিয়া নামে এক বৃদ্ধ ঐ শিশুকে জোর পূর্বক বলৎকারের ঘটনা ঘটায়। এসময় ঐ শিশুর চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে বাদশাকে হাতে নাতে আটক করে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।

পরে ঘটনাস্থল থেকে বাদশাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঐ শিশুর বাবা রতন মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, এ ঘটনায় বলৎকারের শিকার শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

এম২৪নিউজ/আখতার