
নিউজ ডেস্ক:
মিঠাপুকুরে বাস চাপায় হালিমা বেগম (২৫) নামে এক নার্সের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় অল্পের জন্য রক্ষা পান শিশু সন্তান শান্ত্বনা ও স্বামী মিজানুর রহমান।
সোমবার (২১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের দমদমা তেলের পাম্প সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা বেগমের বাড়ি পীরগাছা উপজেলার দেউতি ইউনিয়নের হাউদারপাড় নামক এলাকায়।
তিনি উদ্দীপন এনজিও’র মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগঞ্জ শাখায় কর্মরত মিজানুর রহমানের স্ত্রী এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্ট্যাফ (নার্স) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্ত্রী ও ৪ বছরের শিশু সন্তানসহ রংপুর থেকে মোটরসাইকেল যোগে বৈরাগীগঞ্জে ফিরছিলেন এনজিও কর্মী মিজানুর রহমান। পথিমধ্যে দমদমা এলাকায় পৌঁছলে বৃষ্টির পানি জমে থাকায় মোটরসাইকেলের চাকা হঠাৎ স্লিপ করে। এসময় তারা ছিটকে পড়ে গেলে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস হালিমা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হালিমার মৃত্যু হয়। অল্পের জন্য রক্ষা পান নিহত হালিমা বেগমের কোলে থাকা শিশু সন্তান শান্তনা ও মোটরসাইকেল চালক স্বামী মিজানুর রহমান।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার